পিরোজপুরের কাউখালীতে শীতের আগমনী বার্তার সাথে সাথে স্থানীয় হাট-বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এতে কিছু সবজির দাম নাগালের মধ্যে আসতে শুরু করলেও, সামগ্রিক দাম নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারের হাটের দিনে ঘুরে দেখা যায়, কাঁচাবাজারের প্রতিটি দোকানে সবজির ব্যাপক সমাহার রয়েছে।
প্রতি কেজি মুলা ৩০ টাকা,
পটল ৩০ থেকে ৪০ টাকা, প্রতি কেজি
ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা, প্রতি কেজি
শালগম ৬০ টাকা, প্রতি কেজি
শিম ৬০ টাকা, প্রতি কেজি
ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি
কচুর গাটি ৪০ টাকা, প্রতি কেজি
বেগুন ৬০ থেকে ৭০ টাকা, প্রতি কেজি
বরবটি ৬০ টাকা, প্রতি কেজি
শসা ৫০ টাকা, প্রতি কেজি
মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, প্রতি কেজি
করোলা ৮০ থেকে ৯০ টাকা, প্রতি কেজি
টমেটো ১০০ টাকা, প্রতি কেজি
কাঁচা মরিচ ৮০,
লাউ আকারভেদে প্রতি পিস ৪০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাধারণত বাজারের সরবরাহ বাড়লে কাঁচামালের দাম কমে যাওয়ার কথা থাকলেও কাউখালীর বাজারে তার সম্পূর্ণ প্রভাব পড়ছে না। স্থানীয় উৎপাদনে ঘাটতি থাকায় কাউখালীর চাহিদার সিংহভাগ সবজিই খুলনা, যশোর ও বাগেরহাটসহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে আমদানি করতে হয়।
সবজি বিক্রেতা কাবুল হোসেন জানান, স্থানীয় পর্যায়ে সবজির উৎপাদন কম থাকায় আমাদের বিভিন্ন দূরবর্তী এলাকা থেকে বেশি দামে কিনে এনে বিক্রি করতে হয়। তবে শীতের তীব্রতা বাড়লে ও স্থানীয় সরবরাহ আরও বৃদ্ধি পেলে সবজির দাম আরও কমে যাবে বলে আশা করা যায়।
বাজারে সবজির পর্যাপ্ত উপস্থিতি সত্ত্বেও দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। বাজার করতে আসা হাফেজ মাসুম বিল্লাহ অভিযোগ করেন, “বাজারে সবজির ভরপুর থাকলেও তুলনামূলকভাবে দাম সেভাবে কমেনি। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের সুবিধামতো কাঁচামালের দাম ওঠানামা করাচ্ছে।
অধিকাংশ ক্রেতারই অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থার অভাবের কারণেই ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ ক্রেতারা।










