পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের সাথে নবনিযুক্ত প্রশাসকের পরিচিতি ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (আরডিও) মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক অফিসার আশুতোষ বড়ালসহ সদর ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
সভায় গ্রাম পুলিশদের কর্মপরিধি, দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নবনিযুক্ত প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন, কাউখালী সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত তদারকি করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে আমি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।










