পঞ্চগড়ের দেবীগঞ্জে এক ইউপি সদস্যের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলা করেছে পুলিশ। তবে ওই সদস্যের সঙ্গেই থানার এক উপপরিদর্শকের (এসআই) গোপন যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একাধিক কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হওয়ায় পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযুক্ত এসআই হারুন অর রশিদ এবং ইউপি সদস্য হলেন দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা।
গত বুধবার (১১ নভেম্বর) ভোর ৪টার দিকে দণ্ডপাল ইউনিয়নের সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে মাসুদ রানার বাড়িতে অভিযান চালায় দেবীগঞ্জ থানার পুলিশ। এ সময় এসআই হারুন অর রশিদসহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশের ডাকাডাকির পর মাসুদের স্ত্রী ছাবিনা আক্তার শিল্পী বাইরে এসে পুলিশ সদস্যদের দেখতে পান। পরে স্বামীকে জানালে মাসুদ রানা বাড়ি থেকে বের হন। এ সময় পুলিশ সদস্যরা তাকে সঙ্গে যাওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে ফেসবুক লাইভে এসে এসআই হারুন অর রশিদের বিরুদ্ধে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন মাসুদ রানা। গত দেড় মাস ধরে গ্রাম পুলিশ সদস্যের মাধ্যমে বিভিন্ন সময়ে ফোন করে তাকে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তবে পুলিশের দাবি, মাসুদ মব তৈরি করে পুলিশি কাজে বাধা প্রদান করেন।
এ ঘটনায় বুধবার (১১ নভেম্বর) এসআই হারুন অর রশিদ বাদী হয়ে মাসুদ রানাকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন।
তবে পুলিশের অভিযানের আগে থেকেই এসআই হারুনের সঙ্গে মাসুদ রানার যোগাযোগ ছিল বলে দাবি করেছেন ওই ইউপি সদস্য। এ দাবির পক্ষে ২৪ অক্টোবরের একটি কল রেকর্ডের কথা জানিয়েছেন তিনি। ওই অডিওতে মাসুদ রানা, গ্রাম পুলিশ সদস্য আশ্বিনাথ রায় ও এসআই হারুন অর রশিদের কণ্ঠ শোনা যায়।
অডিওর শুরুতে গ্রাম পুলিশ সদস্য আশ্বিনাথ রায়কে মাসুদ রানার কাছে জানতে চাওয়া হয়, ‘ভাই বাসায় আছেন?’ জবাবে মাসুদ রানা বলেন, ‘হ্যাঁ, বাসায়।’ এরপর আশ্বিনাথ বলেন, ‘যাচ্ছি বাসায়। তাহলে এইদিকে একটু আসেন। বাইরে আসেন। স্যার আসছে তো, হারুন স্যার।’
এ সময় মাসুদ রানা জানতে চান, ‘হারুন ভাই আছেন?’ আশ্বিনাথ সম্মতিসূচক জবাব দেন। পরে মাসুদ তাকে বাড়িতে আসতে বললে আশ্বিনাথ বলেন, ‘বাসায় না যায় উনি।’ তখন পাশ থেকে এসআই হারুন অর রশিদকে বলতে শোনা যায়, ‘বাসায় যাব না, বাসায় যাব না।’ এরপর মাসুদ রানা তাদের কাদেরের মোড়ে আসতে বলেন। জবাবে আশ্বিনাথ বলেন, ‘আপনার বাড়ির পিছন পাশে, আরেক বাড়ির বাঁশঝাড়ে।’
মাসুদ রানার দাবি, ওই দিন বিকেল পৌনে ৫টার দিকে এসআই হারুন তার বাড়ির পাশে যান। সেখানে পুলিশি হয়রানি না করার শর্তে তাকে ৫০ হাজার টাকা দেন তিনি।
শুধু তাই নয়, টাকা লেনদেনের পরও গ্রাম পুলিশ সদস্য আশ্বিনাথকে দিয়ে মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করান এসআই হারুন—এমন দাবি করেছেন ওই ইউপি সদস্য। ওই দিনের আরেকটি কথোপকথনের রেকর্ডে আশ্বিনাথকে বলতে শোনা যায়, ‘ওনাকে বলিও, ওসি স্যার তো আমাকেই পাঠাবে। মেম্বারকে একটু বলে দিও, মোটা একটা ইয়া (টাকা) দিবে। আমি ওসি স্যারকে ম্যানেজ করে নিব। স্যার তো (ওসি মুসা মিয়া) বদলি হইছিল। এখন আর হবে না। থেকে গেল।’
কথোপকথনের একপর্যায়ে মাসুদ রানা জানতে চান, ‘ভাই (এসআই হারুন) আমার ওপর খুশি তো নাকি?’ জবাবে আশ্বিনাথ বলেন, ‘খুশি বলতে খুশিই। আপনি দুই-এক দিনের মধ্যে স্যারের (এসআই হারুন) সঙ্গে দেখা করিয়েন।’
অডিও রেকর্ড সামনে আসার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে মাসুদ রানার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টের মামলা, অন্যদিকে একই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার গোপন যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগ। অডিওতে ওসিকে ম্যানেজ করার কথা বলা হলেও এ বিষয়ে ওসি মুসা মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) পঞ্চগড় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা বলেন, পুলিশের এমন দ্বিচারিতা আইনের শাসন প্রতিষ্ঠার অন্তরায়। পুলিশের আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নেবে। কিন্তু অর্থের বিনিময়ে সমঝোতা মোটেও সমীচীন নয়। এখানে একটি ঘটনা সামনে এসেছে মাত্র। এমন আরও অনেক ঘটনা সামনে না আসায় আমরা জানতে পারি না। আইনের শাসনের প্রথম ধাপ পুলিশের নিজেদের মধ্য থেকেই শুরু হওয়া উচিত এবং দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে এসআই হারুন অর রশিদ বলেন, ‘আমার সম্পর্কে আপনি ভালো জানেন। এগুলো সত্য নয়।’
এ বিষয়ে মুঠোফোনে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি তদন্ত ছাড়া লেখতেছেন লেখেন। আপনি সঠিক তথ্য না নিয়ে নিউজ করতেছেন। আপনি শুধু শুনলেন আর নিউজ করলেন। আপনি আসেন সামনে। আমি সব মিডিয়ার লোক ডাকতেছি। আপনি আসেন প্রুফ করে দেন।’
অভিযোগ ও অডিও রেকর্ডের বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, ‘অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে।’










