পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পরিচিত দর্শনীয় স্থান খয়ের বাগান এলাকায় অবস্থিত পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই পুলিশ বক্সটি সংস্কার করে পুনরায় চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ বক্সটি চালুর আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, খয়ের বাগান এলাকার রাস্তার সংযোগস্থলে অবস্থিত পুলিশ বক্সটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। অথচ প্রতিদিনই এ এলাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের চলাচল রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, “খয়ের বাগান একটি পরিচিত দর্শনীয় স্থান। প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসেন। অথচ এখানে থাকা পুলিশ বক্সটির এমন অবস্থা সত্যিই দুঃখজনক। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক পুলিশি সহায়তা পাওয়া নিয়েও শঙ্কা থাকে।”
সেলিম নামে এক যুবক বলেন, “বক্সটি চালু থাকলে এলাকার মানুষের নিরাপত্তা আরও জোরদার হতো। দীর্ঘদিন ধরে এটি পড়ে থাকলেও সংস্কার বা পুনরায় চালুর দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না।”
স্থানীয় এক দর্শনার্থী বলেন, “পরিবার নিয়ে এখানে ঘুরতে আসি। জায়গাটি সুন্দর হলেও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এখানে একটি সচল পুলিশ বক্স থাকলে দর্শনার্থীরা আরও স্বস্তি পেতেন।”
আরেক বাসিন্দা বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, পুলিশ বক্সটি সংস্কার করে পুনরায় চালু করা হোক। এতে স্থানীয়দের পাশাপাশি আগত পর্যটকরাও উপকৃত হবেন।”
এ বিষয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সরকার ইফতে খাইরুল মোকাদ্দেম জানান, পঞ্চগড়ের পুলিশ সুপার তাকে খয়ের বাগান পুলিশ বক্সের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলার দায়িত্ব দিয়েছেন। তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে পুলিশ বক্সটি পুনরায় চালু করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পুলিশ বক্সটি সংস্কার করে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে পুনরায় কার্যক্রম চালু করা হোক। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন, পঞ্চগড়ের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।










