জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সক্ষমতা উন্নয়ন আলোচনা সভা।
বুধবার (১২ নভেম্বর) পটুয়াখালীর প্লেজার পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে পটুয়াখালী ইয়ুথ ফোরাম। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ৩৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
সভায় জেন্ডারভিত্তিক সামাজিক বৈষম্য ও প্রচলিত ধারণা, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার হয়রানি প্রতিরোধ, গণমাধ্যম সচেতনতা ও ভুয়া তথ্য শনাক্তকরণ এবং সামাজিক পরিবর্তনে তরুণদের ভূমিকা, অধিকার ও অ্যাডভোকেসি বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের পাঁচটি দলে ভাগ করে দলীয় কাজ পরিচালনা করা হয়। প্রতিটি দল নির্ধারিত বিষয়ে নিজেদের অভিজ্ঞতা, স্থানীয় সমস্যা, সম্ভাব্য সমাধান ও করণীয় তুলে ধরে। দলীয় উপস্থাপনায় নারী-পুরুষের সমান অধিকার, অনলাইন হয়রানি প্রতিরোধ, তথ্য যাচাই, সামাজিক সচেতনতা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান বলেন, “সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেন্ডার সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তরুণদের চিন্তাভাবনা ও উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের নিজেদের মতামত প্রকাশ এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করে।”
ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি) পটুয়াখালী জেলা সভাপতি আহমেদ কাওসার ইবু বলেন, “স্বেচ্ছাসেবী কার্যক্রম শুধু মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে মানুষকে সম্পৃক্ত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের মানসিকতা তৈরি হলে স্থানীয় পর্যায় থেকেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
প্রশিক্ষক মারুফ ইসলাম বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা ও দায়িত্বশীলতা জরুরি। অনলাইনে পাওয়া কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা উচিত নয়। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার হয়রানি সম্পর্কে সচেতনতা এবং গণমাধ্যমের তথ্য যাচাইয়ের দক্ষতা বর্তমান সময়ের তরুণদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
প্রশিক্ষক সোহানা বলেন, “জেন্ডার সমতা মানে শুধু নারী-পুরুষের সমান অধিকার নয়; প্রত্যেক মানুষের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে প্রচলিত বৈষম্যমূলক ধারণা পরিবর্তনে তরুণ-তরুণীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।”
পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম বলেন, “তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন সঠিক জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও অংশগ্রহণের সুযোগ। আমরা চাই, এই আয়োজন থেকে অংশগ্রহণকারীরা শুধু কিছু বিষয় শিখে ফিরে যাবেন না; বরং নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন। স্থানীয় সমস্যা সমাধানে তরুণদের নেতৃত্ব ও উদ্যোগকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক রেজাউল করিম। এ সময় পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, প্রশিক্ষক মারুফ ইসলাম ও সোহানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের এ আয়োজনের মূল লক্ষ্য তরুণদের মধ্যে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা ও সামাজিক নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে কাজে লাগিয়ে একটি নিরাপদ, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করা।










