ঢাকার ফতুল্লা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাজেদুল ইসলাম মঞ্জু বরগুনার আমতলী উপজেলার পূর্বচিলা গ্রামের আবদুস সালামের পুত্র।
আমতলী থানা সূত্রে জানা গেছে, ঢাকার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার একটি হত্যা মামলায় আদালতের রায়ে মাজেদুল ইসলাম মঞ্জুর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। অর্থ পরিশোধ না করলে তাকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
রায় ঘোষনার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন পর্যন্ত পলাতক ছিলেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাইনুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে তাঁকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, যাব্বজীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।








