বরগুনার আমতলী পৌরসভা লাগোয়া চাওড়া ইউনিয়নের কালিবাড়ি ইসলামপুর গ্রামে মৃত্যু বেলায়েত হোসেন তালুকদারের বসত বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত গভীর রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল ওই বসতঘরের দরজার তালা কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিল, কাপড়-চোপড়সহ মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যায় বলে বেলায়েত তালুকদারের স্ত্রী পারুল বেগম ও তার পুত্র পলাশ দাবী করেন। ঘটনার সময় তারা কেহই বাড়ীতে ছিলেন না। বরিশালে তার মেয়ে মাহার বাড়ীতে অবস্থান করেছিলেন।
আজ (মঙ্গলবার) সকালে প্রতিবেশিরা ওই বসত ঘরের দরজার তালা ভাঙ্গা দেখে মালিক পারুল বেগমকে সংবাদ দেয়। তিনি এসে দেখেন তার বসতঘরের মধ্যে খাটে থাকা তোষক, আলনায় থাকা কাপড়-চোপর এলোমেলো অবস্থা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমিরা ও অন্যান্য আসবাবপত্রের ড্রয়ার খোলা।
বেলায়েত তালুকদারের স্ত্রী পারুল বেগম এর দাবী চোরের দল তার ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, জমির দলিল, কাপড়-চোপড়সহ মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।
পারুল বেগমের ছেলে পলাশ বলেন, আমি মাকে নিয়ে কয়েকদিন পূর্বে আমার বোনের বাড়ি বরিশালে বেড়াতে গিয়েছিলাম। আমারা সেখানে থাকা অবস্থায় আজকে আমাদের বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে।
স্থাণীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, বেলায়েত তালুকদারের বসত ঘরে চুরির ঘটনা তারা আজ দুপুরে শুনেছেন। বেলায়েত তালুকদারের স্ত্রী পারুল বেগম ও তার ছেলে পলাশ প্রায় সময়ই বরিশালে তার মেয়ের মাহার বাড়িতে থাকেন। মাঝেমধ্যে এখানে আসেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। #









