বরগুনার উপকূলীয় এলাকায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী ব্লকের ঘটখালী গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৫০ জন কৃষক ও বরগুনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সমাবেশের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন সরেজমিন উইংয়ের উপপরিচালক (বীজ ও অন্যান্য উপকরণ) ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক এস.এম. বদরুল আলম।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ।
সমাবেশে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় যেসব ফসলের আবাদ উপযোগী, সেসব ফসলের উৎপাদন বাড়াতে হবে। বিশেষ করে সূর্যমুখীর আবাদ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বরগুনা জেলার ২২ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
কৃষক সমাবেশ শেষে বরগুনা জেলায় কর্মরত বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।









