মির্জাগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. ইসরাত জাহান যুথি হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন তার বাবা। এ ঘটনায় নিহতের প্রেমিকসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিহত যুথির বাবা মো. জামাল হাওলাদার বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন। মামলাটির নম্বর ৫।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুথি সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে টেস্ট পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাড়ির পাশের একটি পানের বরজের কাছে যুথির জুতা দেখতে পান স্বজনরা। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ময়নাতদন্ত শেষে শুক্রবার (৬ নভেম্বর) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের প্রেমিকসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছিল।









