পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রাজিত সাহা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংহতি সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত অতিথিরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু।
সভায় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য সুসংহত রাখতে এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, বরং দেশের ইতিহাস, জাতীয় ঐক্য ও রাজনৈতিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দিন। তাই দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা দিবসটি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। আলোচনা ও মতামত গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।








