‘হাত ধোয়ার নায়ক হোন’—প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি বলেন, অতীতের তুলনায় দেশের স্যানিটেশন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে পরিচ্ছন্নতার অভ্যাস আরও বিস্তৃত করতে হবে। শিশুদের দিয়ে এ কার্যক্রম শুরু করে স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি হাম ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু ছড়াতে পারে। তাই খাবারের আগে ও প্রয়োজনীয় কাজের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হোটেল-রেস্তোরাঁয় পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি হাত ধোয়ার উপকরণ সহজলভ্য করতে এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, নিজের আঙিনা থেকেই পরিচ্ছন্নতা শুরু করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. অপু সরোয়ার, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. ভূপেন মণ্ডল, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহআলম সিকদার, সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








