পটুয়াখালীর কুয়াকাটায় হোটেলকক্ষের আলমারিতে রাখা ব্যাগ থেকে পর্যটক দম্পতির ১৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পর্যটক ছায়মা জাহান স্মৃতি মহিপুর থানায় একটি অভিযোগ দেন। গত ২২ অক্টোবর সন্ধ্যায় কুয়াকাটার হোটেল সি ক্রাউনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি হোটেল ম্যানেজার ফজলু মোল্লা এবং স্টাফ জিহাজ ও রিয়াজকে দায়ী করেছেন। তবে পুলিশের হস্তক্ষেপে ওই রাতেই ১৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে পর্যটকের বিষয়টি মীমাংসা হয়।
অভিযোগে বলা হয়, বরিশাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে ছায়মা জাহান স্মৃতি ও ইমন গাজী দম্পতি গত ২২ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ওই হোটেলের ২০৭ নম্বর কক্ষে ওঠেন। তাঁদের সঙ্গে থাকা স্বজনেরা ৪১১ ও ২১০ নম্বর কক্ষে ওঠেন। পরে দম্পতি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সৈকতে ঘুরতে যান। সন্ধ্যায় কক্ষে ফিরে আলমারিতে রাখা ব্যাগের কাপড়চোপড় এলোমেলো দেখতে পান। এ সময় ব্যাগের ভেতরে থাকা পার্স খোলা অবস্থায় দেখতে পান এবং সেখানে রাখা ৭০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা কম পান। তাঁর কাছে তখন ৫৫ হাজার টাকা ছিল।
বিষয়টি প্রথমে হোটেল ম্যানেজার ফজলু মোল্লাকে জানালে তিনি কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানান। তবে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে কোনো সমাধান না পেয়ে ভুক্তভোগী পর্যটক অভিযোগ করেন। পরে থানা-পুলিশের হস্তক্ষেপে তিনি টাকা ফেরত পান বলে জানান ছায়মা জাহান স্মৃতি।
তিনি আরও জানান, পরিবারের অন্য সদস্যদের নিয়ে কুয়াকাটা ভ্রমণের জন্য তাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন। তবে সেখানে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁদের।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, বিষয়টি হোটেল কর্তৃপক্ষ অতিথিদের সঙ্গে মীমাংসা করেছেন।








