পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় এ পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পর্যটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) অনির্বাণ চাকমা এবং কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব।
খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, সান ফ্লাওয়ার্স ৩৬০ ও ঢাকা টকিজ নামে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ ও আর্থিক সহায়তায় এ পর্যটন কার্নিভালের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক অনন্য মামুন জানান, পর্যটন কার্নিভাল উপলক্ষে কুয়াকাটায় বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভ্যাল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সংগীতশিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, হাসান, বাউল শিল্পী চিশতী বাউল, অভিনেতা সিয়াম আহমেদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও তৌহিদ হৃদয়সহ বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থেকে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পর্যটন কার্নিভালের উপস্থাপনায় থাকবেন শান্তা জাহান, ইভান হাসান ও সাদিয়া রোশনী সূচনা।









