কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন নিয়োগ পাওয়া ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয় দলীয় প্যাডে লিখিতভাবে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার এসব ডিলারের নামের পাশাপাশি তাঁদের রাজনৈতিক পরিচয়, দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্যও উল্লেখ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা দলীয় প্যাডে উল্লেখ করা তালিকাটি সাংবাদিক ইউনিয়ন নাগেশ্বরীর কাছে সরবরাহ করেন।
দলীয় প্যাডে তিনি উল্লেখ করেন, নাগেশ্বরী উপজেলায় সার ডিলার নিয়োগ নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে, সার ডিলার নিয়োগ দেয় সরকারের প্রশাসনিক দপ্তর। এ নিয়োগ কার্যক্রমে দলের কোনো সম্পৃক্ততা নেই। তবে নতুন নিয়োগ পাওয়া ডিলারদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছে উপজেলা বিএনপি।
দলীয় প্যাডে দেওয়া তথ্য অনুযায়ী, নাগেশ্বরী পৌরসভার মেসার্স ফারাজি ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু তাহের বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। রামখানা ইউনিয়নের মেসার্স শামীম রেজা জুয়েলের স্বত্বাধিকারী শামীম রেজা জুয়েল ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য। তিনি রামখানা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মাসুদ পারভেজের ছোট ভাই।
রায়গঞ্জ ইউনিয়নের মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম নাগেশ্বরী মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি। তিনি রাকসু নির্বাচনে রিজভী-হারুন পরিষদের সমর্থনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে এজিএস পদে প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি বিএনপির সক্রিয় কর্মী বলে দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে।
হাসনাবাদ ইউনিয়নের মেসার্স কামাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আ. আজাদ আলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদের বড় ভাই এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। বেরুবাড়ী ইউনিয়নের কোহিনুর ট্রেডার্সের স্বত্বাধিকারী কোহিনুর বেগম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস শফি মোল্লার স্ত্রী। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক।
ভিতরবন্দ ইউনিয়নের মেসার্স সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রতন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তাঁর বাবা আব্বাস আলী চান মেম্বার ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি। কেদার ইউনিয়নের মেসার্স আলমগীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. ইয়াসমিন খাতুন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব প্রভাষক মোহাম্মদ আলীর স্ত্রী।
কচাকাটা ইউনিয়নের মেসার্স ক্বারী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমানের পরিচিতিতে উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. শহিদুল ইসলাম আলমের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। বল্লভেরখাস ইউনিয়নের মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রশিদ সরকার ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী। তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আলমগীরের বাবা।
সন্তোষপুর ইউনিয়নের মেসার্স খালেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. খলিলুর রহমানকে নিজের ঘনিষ্ঠ আত্মীয় ও বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে উল্লেখ করেছেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আজিজুল হক। অন্যদিকে, নেওয়াশী ইউনিয়নের মেসার্স রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রহমানকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
বামনডাঙ্গা ইউনিয়নের মেসার্স রিদম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. রওশন আলী খান নাগেশ্বরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আফরোজা বেগমের স্বামী। দলীয় প্যাডে আফরোজা বেগমের সঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আনোয়ারুল ইসলামের পারিবারিক সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে।
নারায়ণপুর ইউনিয়নের মেসার্স ইয়াকুব আলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইয়াকুব আলী ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই-সমর্থিত) নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। কালীগঞ্জ ইউনিয়নের মেসার্স দিপালী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্রী দিপু চন্দ্র সরকার বিএনপি-সমর্থিত পূজা উদ্যাপন ফ্রন্টের অন্যতম সদস্য। নুনখাওয়া ইউনিয়নের মেসার্স মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে নির্দলীয় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
দলীয় প্যাডে প্রকাশিত তালিকায় ১৫ জন সার ডিলারের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তাঁদের দলীয় পদ-পদবি ও পারিবারিক সম্পর্কের তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সার ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দলটির উপজেলা আহ্বায়ক লিখিতভাবে উল্লেখ করেছেন।









