আন্তর্জাতিক পরিসরের ‘বে অব বেঙ্গল কনভারসেশন (BoBC) ২০২৬’-এ অংশ নিচ্ছেন পটুয়াখালীর বদরপুরের তরুণ আইন শিক্ষার্থী জন্নাত উল আফরিন স্নিগ্ধা। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (CGS)।
জন্নাত উল আফরিন স্নিগ্ধা বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। BoBC ২০২৬-এর পোস্টারে তাকে Centre for Governance Studies (CGS)-এর Legal Research Associate হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যেও তার নাম LLB শিক্ষার্থী হিসেবে পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার বাবা মো. আবদুর রব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তাদের বাড়ি পটুয়াখালীর বদরপুরে।
এবারের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর প্রতিপাদ্য ‘Fragments • Frontiers • Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে ১০০টির বেশি দেশের প্রতিনিধি ও প্রায় ২০০ বক্তার অংশগ্রহণের কথা রয়েছে। আলোচনায় ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু ও মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা জানিয়েছে আয়োজক CGS। আন্তর্জাতিক এ সংলাপে জন্নাত উল আফরিন স্নিগ্ধার অংশগ্রহণকে তার পরিবার ও স্বজনরা গর্বের বিষয় হিসেবে দেখছেন।









