শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালন করেছেন সাধারণ সচেতন শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালীর ঝাউতলায় হৃদয় তরুয়া চত্বর থেকে সাধারণ সচেতন শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালীর উদ্যোগে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনানীতে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা তোফাজ্জেল হোসেন, মো. কাওছার আহমেদ, রিয়াদ আজাদ, মো. ইব্রাহিম শরিফ, মো. মাহমুদুল হাসান, মো. সাকিব বিল্লাহ, আসিবুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা।
সমাবেশে তোফাজ্জেল হোসেন তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
তোফাজ্জেল হোসেন বলেন, এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা।








