সুন্দরবন থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীসংলগ্ন বন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহিনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, ১টি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের শ্যালার চর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় একটি বনদস্যু দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে কোস্টগার্ড।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে মোংলা কোস্টগার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গহিনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বনদস্যুরা পালিয়ে যাওয়ায় রাতের আঁধারে কাউকে আটক করা সম্ভব হয়নি। একই সঙ্গে তারা কোন বাহিনীর সদস্য, সেটিও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।









