মোংলার পশুর নদীতে কয়লাবাহী কার্গো জাহাজের নিচে পড়ে নৌকা ডুবির ঘটনার দীর্ঘ ৪৮ ঘণ্টা পর নিখোঁজ জেলে মোস্তফা মাঝির (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পশুর নদীতে মরদেহটি ভেসে উঠলে স্থানীয় জেলেরা তা উদ্ধার করেন। পরে মরদেহটি নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের পুলিশ সুপার মোঃ মঞ্জুরুল মোর্শেদ।
নিহত মোস্তফা মাঝি (৪৭) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে। তিনি পেশায় একজন মৎস্যজীবী ছিলেন।
স্থানীয় সূত্রে জানাযায়, পশুর নদীতে ইলিশ মাছ ধরতে গিয়েছিলেন মোস্তফা মাঝি। এসময় কয়লাবাহী কার্গো জাহাজের নিচে পড়ে নৌকাটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন। দীর্ঘ ৪৮ ঘণ্টা ধরে তাকে উদ্ধারে তৎপরতা চলার পর শনিবার তার মরদেহ উদ্ধার করা হলো।








