বাগেরহাট জেলা শহরের পুরাতন বাজার এলাকায় মেহেদী হাসান নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে চেতনানাশক স্প্রে করে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে বাগেরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া-কালিদিয়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল ও মেহেদীর স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ইসলামী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে পুরাতন বাজার এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা মেহেদী হাসানের ওপর চেতনানাশক স্প্রে করে টাকা ছিনিয়ে নেয়।
পরে তাকে বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








