বাগেরহাটে দীর্ঘ ২০ বছর পর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল ৬৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শেখ এসকেন্দার হোসেন পেয়েছেন ৩৩ ভোট।
পদাধিকার বলে বাগেরহাটের জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। শনিবার রাত সাড়ে ৯টায় বাগেরহাট স্টেডিয়াম অডিটোরিয়ামে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ আশিকুর রহমান, দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে এম এস আলম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৬ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। চারজন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।










