পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্যের প্রচার এবং জনগণের সম্পৃক্ততা বাড়াতে রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট (আরসিসিই) মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে মানুষের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, যুবসমাজ ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম ফজলুল করিম, জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব এবং পৌর এলাকার মেডিকেল কর্মকর্তা ডা. একরামুল নাহিদসহ সংশ্লিষ্টরা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ দপ্তরের মাধ্যমে সচেতনতা কার্যক্রম জোরদারের বিষয়ে মত দেন।
ইউনিসেফের প্রতিনিধি আবদুল জলিল ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সহজ ও বোধগম্য ভাষায় স্বাস্থ্যবার্তা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেনও ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এ সময় আনসার ও ভিডিপি, পরিসংখ্যান বিভাগ এবং বিভিন্ন যুব দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রচার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।









