বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন সোমবার (২৮ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন।
এ সময় তিনি সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
এ সময় অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে দুপুর ১২টার দিকে প্রধান অতিথি ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) মো. আব্দুর রহিম তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।








