‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে প্রণোদনার চেক, ১০০ জন শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন, ছাতা, খাতা-কলম ও গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়’-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাল্যবিবাহের ক্ষতিকর দিক, কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, সঞ্চয়ের গুরুত্ব এবং নারীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং বিআরডিবি পটুয়াখালীর উপপরিচালক মো. হাসানুল হক মোল্লা। এ ছাড়া বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বপ্ন ও ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়েদের বোঝা মনে না করে তাদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে কুয়াকাটাকে বাল্যবিবাহমুক্ত ও একটি সুন্দর, সচেতন সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।








