পটুয়াখালীর রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৯ মাঝি-মাল্লা ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অন্য ট্রলারের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের জহির প্যাদার মালিকানাধীন ট্রলারটি মঙ্গলবার বিকেল ৫টার দিকে গভীর সাগরে মাছ শিকারের সময় হঠাৎ উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
এসময় ট্রলারে থাকা মালিক জহির প্যাদা, তার দুই ছেলে সাইদুল প্যাদা ও মফিদুল প্যাদাসহ ৯ জন মাঝি-মাল্লা সাগরে ভাসতে থাকেন। পরে পাশে থাকা অন্য একটি ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। রাত ১১টার দিকে তাদের যুগিরহাওলা ঘাটে নিয়ে আসা হয়। ডুবে যাওয়া ট্রলারটিও পরে উদ্ধার করা হয়েছে।









