বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও এর পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে উচ্চতর গবেষণার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ‘মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার’। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাগারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশীদ।
রসায়ন বিভাগে স্থাপিত এ গবেষণাগারে পরিবেশের বিভিন্ন নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ও বিশ্লেষণে আধুনিক ‘ফোরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর)’ বা FTIR ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে। ‘বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে একটি গবেষণা’ শীর্ষক বিশেষ উপ-প্রকল্পের আওতায় এ গবেষণাগার স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশীদ বলেন, দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। গবেষণার ক্ষেত্রে এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেশের উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ই প্রথম এ ধরনের কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এ গবেষণাগারের মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে উন্নত গবেষণা ও সেবা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
উপ-প্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে। তিনি গবেষক ও শিক্ষকদের FTIR প্রযুক্তির ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রকল্পের গবেষক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ অত্যাধুনিক গবেষণাগার দেশের উপকূলীয় পরিবেশ রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









