টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রাম থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি দল এসআই জুয়েল ও এসআই রাকিবের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহর ছেলে হৃদয়ের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মৃত ফজলুল শেখের ছেলে রিপনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হৃদয়ের বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধারের সময় তাকে ছাড়িয়ে নিতে আখিরুল মেম্বার পুলিশকে বাধা দেন এবং হুমকি-ধমকি দেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে উপজেলার খাস ঘুনিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় ১৬/০৯/২০২৬ তারিখে ৮ নম্বর ক্রমিকে একটি মাদক মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে নাগরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








