পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
সোমবার বিকেল ৩টায় শহরের ঝাউতলাস্থ শহীদ মিনার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাওয়ুম। জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুল ইসলাম সজল ও জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, শারীরিক সুস্থতা নিশ্চিত করা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক পর্যায়ের এসব প্রতিযোগিতার মধ্য দিয়েই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে।
জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান জানান, জেলা পর্যায়ের বিজয়ীরা আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
এ সময় জেলার ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজারগণ, নতুন কুঁড়ি জেলার বিভিন্ন খেলাধুলার আহ্বায়ক ও সদস্যবৃন্দ, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আইয়ুব আলী, পরিদর্শক আবু হানিফ, স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শারীরিক শিক্ষা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বালক হ্যান্ডবলে পটুয়াখালী সদর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা হ্যান্ডবলে শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক কাবাডিতে দশমিনা উপজেলার সিকদারিয়া স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা কাবাডিতে গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ ছাড়া দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে আট উপজেলা থেকে অংশ নেওয়া স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়াবিদদের হাতে ট্রফি, সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।









