“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। স্বাগত বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান।
গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে তথ্য ও উপাত্ত তুলে ধরেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি মো. রাশেদ খান। এ সময় সমাজসেবক আব্দুস সালাম, মোহাম্মদ জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূল পর্যায়ে স্থানীয় নাগরিকদের জমিজমা সংক্রান্ত বিরোধ, চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া-বিবাদসহ বিভিন্ন সমস্যার দ্রুত ও সহজ সমাধানে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশ গ্রাম আদালত তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য, সংরক্ষিত নারী সদস্য ও গ্রাম পুলিশের দায়িত্ব ও ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।









