পটুয়াখালীর মির্জাগঞ্জে সৌদি প্রবাসী হিরন সিকদারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের মধ্যে থাকা মালামাল ও খাদ্যদ্রব্যসহ সবকিছু পুড়ে গেছে। শনিবার ভোররাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা দ্বিতীয় খণ্ড গ্রামের দরগাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনির মজুমদার।
প্রবাসী হিরন সিকদারের স্ত্রী সারমিন আক্তার জানান, তাঁর স্বামী এক বছর ধরে সৌদি আরবে রয়েছেন। তিনি বিদেশ যাওয়ার কিছুদিন পর সন্তানদের নিয়ে ঢাকায় চলে যান। সময় পেলে মাঝেমধ্যে বাড়িতেও আসতেন। শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। ঘরের সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতে পাশের গ্রামে বাবার বাড়িতে যান। ভোররাতে মোবাইল ফোনে তাঁর চাচা-শ্বশুর সোবাহান সিকদার তাঁকে জানান, ঘরে আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে দেখেন, ঘরের আসবাবপত্র, ফ্রিজ, শোকেস ও গ্যাসের চুলাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম স্বপন জানান, ভোররাতে সোবাহান সিকদার ফজরের নামাজের জন্য অজু করতে গিয়ে ঘরে আগুন দেখতে পান। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে ঘরের সবকিছু পুড়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম বলেন, সড়কে ভাঙনের কারণে ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছানো সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।









