পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে গোলাপি আক্তার (৪২) নামে এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত গোলাপি আক্তারকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বজনদের দাবি, হামলায় তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে।
আহত গোলাপি আক্তারের অভিযোগ, প্রায় চার বছর আগে তার বাবা মারা যান। এরপর থেকেই তার চাচারা পৈত্রিক জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। পৈত্রিক সম্পত্তির নিজের অংশ বুঝিয়ে দেওয়ার কথা বলায় তারা ক্ষিপ্ত হন।
গোলাপি আক্তার জানান, শুক্রবার তার ভাই মেহেদী ও ইমরান মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গেলে সোহেল খান, ফিরোজ খান, দুলাল খান, বাবুল খান, এনায়েত খান, পিয়ারা বেগম ও শাহজাহান রাঢ়ীসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও লোহার রড দিয়ে মারধর করা হয়।
গোলাপির ভাই মিজানুর রহমান বলেন, চাকরির কারণে তারা ঢাকায় থাকেন। বাবার মৃত্যুর পর থেকেই চাচারা পৈত্রিক জমি দখল করে রেখেছেন। জমির অংশ বুঝে নিতে তারা বাড়িতে এসেছেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে শালিস বৈঠকের কথা ছিল। সেই বৈঠকের কথা শুনেই তাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচার দাবি করেন তিনি।
তবে অভিযুক্ত ফিরোজ খান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, “তারা যে জমি দাবি করছেন, তা তারা পাবেন না।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









