পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন নাগরিক ফোরামের ষষ্ঠ ত্রৈমাসিক সভা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটবাড়িয়া ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আঃ খালেক সিকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি স. ম. দেলওয়ার হোসেন দিলীপ, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান মুসা খান, ইউপি সহকারী মো. ইব্রাহিম এবং উপজেলা নাগরিক ফোরামের সদস্য ও সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সদস্য নিলুফা আক্তার।
সভায় নাগরিক প্রকল্পের আওতায় ইটবাড়িয়া ইউনিয়ন নাগরিক ফোরাম কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির সফলতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সাধারণ মানুষ ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব মতামত ও সুপারিশের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি ও উপস্থাপন করেন নাগরিক নেতৃবৃন্দ।
এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাস্থ্যসেবা ও প্রাণিসম্পদ বিষয়ে সরকারি সেবার তথ্য সংগ্রহে সামাজিক নিরীক্ষক নির্ধারণ, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন, সংলাপ, লোকসংগীত ও পথনাটকের আয়োজন এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিষয়ে উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসন, নাগরিক নেতা এবং সেবাগ্রহীতাদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ ও উপজেলা পর্যায়ে গণশুনানির আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।
জিএফএ কনসাল্টিং গ্রুপের উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উইক্যানের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য দেন ফোরামের সদস্য মো. আবুল কালাম, নিলুফা আক্তার, মরিয়ম আক্তার, সম্পাদক নুসরাত জাহান নুপুর, সভাপতি মো. আঃ খালেক সিকদার, ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নাগরিক ফোরামের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন ও সভাপতি স. ম. দেলওয়ার হোসেন দিলীপসহ অনেকে।









