ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবদুর রউফ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. নুর নবী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, টায়ারসহ যেসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. সালেহ আহমেদের নেতৃত্বে বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক, অপরিচ্ছন্ন স্থান এবং ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত এলাকাগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্টরা বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে বাউফলকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে পৌর এলাকার বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নাগরিকদের নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে আরও সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাউফল গড়ে তোলা সম্ভব।









