পটুয়াখালী-কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পায়রা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে।
নিহতের মা হোসনেয়ারা বেগম জানান, অভিমান করে বিষপান করার পর শাকিলকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হচ্ছিল। এ সময় অ্যাম্বুলেন্সে পরিবারের সদস্যসহ মোট ছয়জন ছিলেন। পায়রা পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর শাকিলকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষপানের পর চিকিৎসার জন্য আমখোলা থেকে শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।









