পটুয়াখালী সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির জেলা কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
‘কল্যাণ, অধিকার ও একতা’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আশিকুল ইসলাম।
বক্তারা নবম পে-স্কেল অনুমোদন করায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কাউন্সিলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি, অধিকার ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. মুনীরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে পটুয়াখালী জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন খান, সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া পটুয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের সদস্যরা কাউন্সিলে অংশ নেন।








