পিরোজপুরের কাউখালীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে উপজেলার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নৌ পুলিশ পরিদর্শক মো. ইমরান হোসাইন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মৎস্যসম্পদ রক্ষা ও মাছের প্রজনন নিরাপদ রাখতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।









