পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার মৌডুবী ইউনিয়নের খাসমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. ইমরান মিয়া ওরফে সোহাগ ভূঁইয়া (৩৬)। তিনি ওই এলাকার আব্দুস সালাম ভূঁইয়ার ছেলে।
রাঙ্গাবালী থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ২টা ৩৫ মিনিটে অভিযান চালায়। এ সময় উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন গাজীসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক পরিবর্তনের পর মৌডুবী ইউনিয়নে সোহাগ মাদক ব্যবসার বিস্তার ঘটিয়েছেন। স্থানীয়রা ভয়ে এ বিষয়ে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারেন না বলেও দাবি সূত্রটির। সূত্রের আরও দাবি, সোহাগ নিজেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর ভাগনে হিসেবে পরিচয় দিয়ে আসছেন এবং ওই পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনা করতেন। সোহাগ গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, খাসমহল এলাকায় ইমরান মিয়ার বসতঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে পাঠানো হয়েছে।









