পলিথিনের অতিরিক্ত ব্যবহার বন্ধে জনসচেতনতা তৈরি ও পরিবেশ সুরক্ষায় পটুয়াখালীতে সাধারণ মানুষের মাঝে কাপড়ের তৈরি টেকসই ব্যাগ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী পৌর নিউমার্কেটে সংগঠনটির উদ্যোগে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী জেলা সভাপতি ও তরুণ জলবায়ু কর্মী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল।
এ সময় তিনি বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিনের ব্যবহার কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তরুণ সংগঠক ও জলবায়ু কর্মী আহম্মেদ কাওসার ইবু বলেন, পরিবেশ রক্ষায় মানুষের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন অত্যন্ত জরুরি। বাজারে যাওয়ার সময় কাপড়ের ব্যাগ সঙ্গে রাখার অভ্যাস তৈরি করা গেলে পলিথিনের ব্যবহার অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য পরিবার থেকে শুরু করে বাজার ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, পলিথিন ব্যবহারের কারণে মাটি ও পানিদূষণের পাশাপাশি জলাবদ্ধতা ও জীববৈচিত্র্যের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। মানুষের হাতে সহজলভ্য ও টেকসই বিকল্প তুলে দেওয়ার মাধ্যমে পলিথিনবিরোধী সচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পরিবেশ রক্ষায় এমন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পাশাপাশি ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে বসুন্ধরা শুভসংঘের সদস্য মারুফ ইসলাম, আফিয়া রহমান, নাহিদ আহমেদ, দিদারুল ইসলাম রিফাত, সৈয়দ সাজিদ ও প্রিয়ন্তী দেবনাথসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নিউমার্কেটের ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে কাপড়ের তৈরি টেকসই ব্যাগ বিতরণ করা হয় এবং পলিথিনের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়।
###









