পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহাঙ্গীর পাহলান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে মহিপুর থানাধীন মহিপুর ব্রিজের নিচে মো. শাহজাহান হাওলাদারের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর পাহলান মহিপুর উপজেলার বিপিনপুর গ্রামের মৃত জয়নদ্দিন পাহলানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শানু গাজী (৪৮) নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি মহিপুর থানাধীন আলীপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত ইউসুফ গাজীর ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর পাহলানের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীর পাহলান ও পলাতক শানু গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জাহাঙ্গীর পাহলানকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি শানু গাজীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ##









