মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চলাচলের অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদন গ্রহণ করেননি আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, শুধু সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে।
আদালতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য (টেকনিক্যাল স্পেসিফিকেশন) নির্ধারণ করা হয়েছে। কেউ এসব কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
তিনি জানান, এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা।
এ ছাড়া সড়ক পরিবহন আইনে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।









