পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল সামুদ্রিক মাছ কালো দাতিনা, স্থানীয়ভাবে পরিচিত ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে। ৮ কেজি ওজনের মাছটি আলীপুর বন্দরে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতি কেজির দাম পড়েছে ৫ হাজার টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাছটি আলীপুর বন্দরের মেসার্স সাগর ফিসে আনা হলে উন্মুক্ত ডাক শুরু হয়। পরে ‘ফ্রেশ ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী পি.এম. মুসা মাছটি কিনে নেন। তিনি জানান, মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করা হবে।
এর আগে গত বুধবার সাড়ে ৪ কেজি ওজনের আরেকটি কালো দাতিনা তিনি ৭২ হাজার টাকায় কিনেছিলেন।
এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিক জানান, ছোট ইলিশের সঙ্গে মাছটি তাঁদের জালে ধরা পড়ে। ভালো দামে বিক্রি হওয়ায় তাঁরা খুশি।
সিফাত ফিসের আড়তদার মীর মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে কালো দাতিনার ব্যাপক চাহিদা রয়েছে। মাছটির বায়ুথলি বা এয়ার ব্লাডার ওষুধ, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। এ ধরনের মাছ কখনো কখনো ৪ লাখ টাকা পর্যন্তও বিক্রি হয় বলে জানান তিনি।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, কালো দাতিনার বৈজ্ঞানিক নাম Acanthopagrus berda। মাছটি সর্বোচ্চ ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় দূষণের কারণে এর প্রাকৃতিক প্রজননক্ষেত্র হুমকির মুখে। তাই প্রাকৃতিক আবাসস্থল রক্ষা এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি সম্প্রসারণ জরুরি।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, স্থানীয়ভাবে মাছটি দাতিনা বা কালো পোয়া নামে পরিচিত। এটি ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। সম্প্রতি ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলে সাগরে মাছের পরিমাণ বাড়ায় জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।









