পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এলাকার বাসিন্দা বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আশরাফ আলী খানের সহধর্মিণী এবং দুই দিন আগে স্ট্রোকে মৃত্যুবরণকারী মুশফিকুর রহমান মামুন খানের মা সাবেক সমাজসেবা কর্মকর্তা মিসেস আলম আরা খান মারা গেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রকাশ, আলম আরা খানের মৃত্যুর দুই দিন আগে তাঁর বড় ছেলে মুশফিকুর রহমান মামুন খান বৃহস্পতিবার দিবাগত রাতে হাসপাতালে মায়ের কাছে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
মা ও ছেলের পরপর এমন মৃত্যুতে স্বজনদের মধ্যে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বাদ আসর বড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌরসভা মুসলিম গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা নামাজ পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব ও জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমার মেজ ছেলে মোস্তাফিজুর রহমান ইমন খান, ছোট ছেলে কাতারপ্রবাসী আশফাকুর রহমান রাসেল খান, মামুন খানের ছেলে মোসাব্বির খানসহ বিপুলসংখ্যক মুসল্লি।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ে ফাহমিদা আফরিন খানসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দুই দিনের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।









