বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট একটি নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মোঃ এনামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।
তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষকের ২২ জুন তারিখের অনলাইন আবেদনের প্রেক্ষিতে এবং ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ (সংশোধিতসহ)’-এর প্রবিধান ৬৮ এর উপ-প্রবিধান (১) অনুযায়ী পত্র জারির তারিখ থেকে অনধিক ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।
সর্ব সম্মতিক্রমে নতুন অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন রোজিনা খানম চুমকি (বোর্ড কর্তৃক মনোনীত), সাধারণ শিক্ষক সদস্য হয়েছেন জনাব মিলন কুমার মন্ডল (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত), অভিভাবক সদস্য হয়েছেন জনাব হাফিজুর রহমান সুমন (জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত) এবং সদস্য সচিব হয়েছেন জনাব পরিতোষ মন্ডল, প্রধান শিক্ষক জয়মনি মাধ্যমিক বিদ্যালয়।
অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে উক্ত প্রবিধানমালার প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া অনুমোদিত এই কমিটি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখাই হবে তাদের মূল লক্ষ্য। আমাদের লক্ষ্য জয়মনি মাধ্যমিক বিদ্যালয়কে মোংলায় মধ্যে ভালো একটি অবস্থানে দেখতে। এজন্য অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং আমারা যারা এই কমিটিতে রয়েছি সকলকে এক সাথে কাজ করতে হবে। আশা করি সকলেই আমাদের পাশে থাকবেন।
নতুন কমিটির সদস্যবৃন্দদের প্রধান অতিথি হিসেবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ফারুক হোসেন হাওলাদার।
এদিকে নতুন কমিটি গঠন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে বিদ্যালয়ের সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে নতুন কমিটি প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।









