শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে তৈরি হচ্ছে ব্যতিক্রমী এক দুর্গা প্রতিমা। মাটি-খড়ের প্রচলিত সাজের বদলে দেড় লাখেরও বেশি দিয়াশলাই কাঠি ও ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমাটি।
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে চার শিল্পী দিনরাত কাজ করে প্রতিমাটি তৈরি করছেন। মাটির অবয়বের ওপর নিখুঁতভাবে দিয়াশলাই কাঠি বসিয়ে এবং রেশমি সুতার নকশায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর পোশাক ও অলংকার।
প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, ভারত থেকে তিনি দিয়াশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির কৌশল শিখেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো এমন প্রতিমা তৈরি করছেন।
পূজা উদ্যাপন কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাস বলেন, গত বছর ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছিল। এবার নতুনত্ব আনতে দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করা হয়েছে। প্রতিমা তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা। আগুনের ঝুঁকি কমাতে বিশেষ রাসায়নিকও ব্যবহার করা হচ্ছে।
আয়োজকদের দাবি, বাংলাদেশে এত বিপুল পরিমাণ দিয়াশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির ঘটনা সম্ভবত এই প্রথম। ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে পূজা শুরুর আগেই মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা।









