পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীতে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন এলাকার ১০০ অসহায় পরিবার ও একটি বৃদ্ধাশ্রমের সদস্যদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
খাদ্য সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মানবতা, সহমর্মিতা ও অসহায়ের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সরকারি সহায়তা কার্যক্রমের পাশাপাশি মানবিক উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বিশেষ খাদ্য সহায়তা প্যাকেজ পেয়ে অসহায় পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। ঈদের আনন্দের সময়ে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিটি প্যাকেজে রয়েছে ১০ কেজি বিআর-২৯ চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া। প্রতিটি প্যাকেজের মোট ওজন ১৪ দশমিক ৩৫ কেজি।
অনুষ্ঠানে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঈদে মিলাদুন্নবীর (সা.) তাৎপর্যকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসনের এ উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।









