দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোগ গ্রহণে যুবকদের উৎসাহিত করতে তাঁদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।









