বরিশাল কেন্দ্রের শিশুশিল্পীদের কণ্ঠস্বর পরীক্ষায় দুটি বিষয়ে উত্তীর্ণ হয়ে সাফল্য অর্জন করেছে পটুয়াখালীর মেয়ে পূর্ণতা বিনতে মুজাহিদ।
সম্প্রতি বাংলাদেশ বেতার, বরিশাল কেন্দ্র আয়োজিত শিশুশিল্পীদের কণ্ঠস্বর পরীক্ষায় অংশ নেয় পূর্ণতা। তার প্রতিভা, দক্ষতা ও কণ্ঠস্বরের নৈপুণ্যের মাধ্যমে সে পরীক্ষায় আবৃত্তি ও অভিনয়—এই দুটি বিষয়ে উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করে।
পূর্ণতা বিনতে মুজাহিদের এই সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা ছিল বলে জানা গেছে। বিশেষ করে আবৃত্তি ও অভিনয়ের প্রতি আগ্রহ এবং নিয়মিত চর্চাই তাকে এই সাফল্য অর্জনে সহায়তা করেছে।









