যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন একটি পিৎজার দোকানে ঢুকে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে মো. রাজু (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ রাসেল (৩৯) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের রকঅ্যাওয়ে অ্যাভিনিউর আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে। পরে তাঁদের ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে গুলি লেগেছিল। রাসেলের ঊরুতে গুলি লাগে।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল গণমাধ্যমকে জানান, এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি দোকানে ঢুকে কোনো কথা না বলেই তাঁকে লক্ষ্য করে গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে পরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত রাজুকেও গুলি করা হয়।
নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তান বাংলাদেশে থাকেন। প্রায় তিন বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তাঁর কোনো নিকটাত্মীয় ছিলেন না।
দোকানের মালিক আবদুল জলিল বলেন, রাজু তাঁর বন্ধু ছিলেন। দোকানটি তিনি নিজের মতো করে দেখভাল করতেন। রাজুর মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশি কমিউনিটির আর্থিক সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ। বন্দুকধারীকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
রাজু হত্যার ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশি অভিবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।






