বরগুনার আমতলী-গাজীপুর ভায়া তালুকদার বাজার আঞ্চলিক সড়কের নির্মাণাধীন অংশের প্রায় ২০০ ফুট হঠাৎ দেবে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুলের পশ্চিম পাশে কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের দাবি, প্রায় এক সপ্তাহ আগে কালিবাড়ি খালের পাশ দিয়ে সড়কের ওই অংশে ফাটল দেখা দেয়। পরে প্রায় ২ থেকে ৩ ফুট নিচে দেবে যায় সড়কটি। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বরগুনা নির্বাহী প্রকৌশল কার্যালয় আমতলী সরকারি একে পাইলট হাই স্কুল চৌরাস্তা থেকে আমতলী-গাজীপুর ভায়া তালুকদার বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের কাজের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয়। কাজটির কার্যাদেশ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন। পরে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করেন চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল।
সরেজমিনে দেখা যায়, দেবে যাওয়া অংশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা লাঠির সঙ্গে লাল কাপড় বেঁধে সতর্কবার্তার ব্যবস্থা করেছেন। এরপরও ঝুঁকি নিয়েই ওই অংশ দিয়ে চলাচল করছে অটোরিকশা, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
অটোরিকশা চালক লিটন বলেন, “দেবে যাওয়া অংশ দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”
ট্রাকচালক মোস্তফা বলেন, “লোডেড ট্রাক নিয়ে ওই অংশ পার হতে খুব ভয় লাগে। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার মো. আখতারুজ্জামান খান বাদল মুঠোফোনে বলেন, “যেখানে সড়ক দেবে গেছে, সেখানে পুনরায় নির্মাণকাজ করা হবে।”
আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কালিবাড়ি খালের পাশ দিয়ে সড়কটি হওয়ায় ওই অংশ দেবে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঠিকাদারকে ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “সড়ক দেবে যাওয়ার বিষয়টি জেনেছি। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ না করা পর্যন্ত ঠিকাদারকে কোনো বিল পরিশোধ করা হবে না।”
বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি নজরে আসার পর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




