মোংলা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু তুষার রায়কে জড়িয়ে সম্প্রতি দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) উপজেলার চিলা ইউনিয়নের কলাতলা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুষার রায় বলেন, গত ২৮ জুলাই মোংলায় অনুষ্ঠিত একটি রাজনৈতিক সমাবেশে মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশের ওপর হামলার ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এ ঘটনায় তাকে জড়িয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন ব্যবসায়ী হিসেবে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং এলাকার সুখ-দুঃখে সহযোগিতা করে আসছেন। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
তুষার রায় আরও দাবি করেন, মোংলা উপজেলা ও চিলা ইউনিয়নের কোনো রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে তার অতীতে বা বর্তমানে কোনো শত্রুতা নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকেও তুষার রায়ের প্রতি সমর্থন জানানো হয়। তারা বলেন, তুষার রায় একজন শান্ত, ভদ্র ও পরোপকারী ব্যক্তি। ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি নিয়মিত সহযোগিতা করে থাকেন। তাকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
চিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাদুর রহমান বলেন, কোনো তথ্য-প্রমাণ বা সত্যতা যাচাই ছাড়া একজন সমাজসেবককে নিয়ে এ ধরনের অপপ্রচার অনভিপ্রেত ও নিন্দনীয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত সচেতন এলাকাবাসী তুষার রায়কে নিয়ে প্রচারিত বক্তব্য প্রত্যাহার, অপপ্রচার বন্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন মন্তব্য থেকে বিরত থাকার দাবি জানান।








