পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান শিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (১৮ মে) ভোর রাত ১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী শহরের বনানীর নিজ বাসস্থানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলার মাঝেই তিনি মারা যান। প্রবীণ এই নেতার আকস্মিক মৃত্যুতে দুমকি উপজেলাসহ পুরো পটুয়াখালী জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ শাহজাহান শিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আজ জোহরের নামাজের পরে চরপাড়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা নামাজ দুমকি উপজেলা পাঙ্গাশিয়ার মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।









